বীর বাংলা নিউজঃ
সারা দেশের ন্যায় ঈশ্বরদীতেও শুরু হয়েছে সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষা। গতকাল বুধবার (১৫ এপ্রিল) সারা দেশের ন্যায় ঈশ্বরদীর দুটি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন সকাল ১০টা থেকে বাংলা পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে চলবে ১২.৩০ পর্যন্ত । কিন্তু এ বছর এই পরীক্ষায় একতৃতীয়াংশ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
১৭ এপ্রিল গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ২ ঘন্টা ৩০ মিনিট সময় পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, এ বছর ঈশ্বরদী উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৭টি কিন্ডারগার্টেন স্কুল থেকে মোট ১ হাজার ৮৫০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৯৭৮ ও ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে রয়েছে ৮৭২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
ঈশ্বরদীর দুটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনে মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬৬৩। এর মধ্যে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩১৪ ও ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৯ জন। কেন্দ্র সচিব সুত্রে পরীক্ষার্থীদের অনুপস্থিতির এ তথ্য জানা গেছে।
সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র সচিব শহিদুল হক জানান, ৯৭৮ জনের মধ্যে প্রথম দিন অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩১৪ জন। ঈশ্বরদী গার্লস স্কুল কলেজ কেন্দ্র সচিব সাবিনা ইয়াসমিন জানান, তার কেন্দ্রে ৮৭২ জনের মধ্যে ৩৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে নাই।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শাহিনা আক্তার বলেন, অত্যন্ত সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের ব্যবস্থাপনাও সার্বিকভাবে ভালো ছিল। সকল পরীক্ষার্থীর পরীক্ষা ভালো হয়েছে বলে মনে করছি।
পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহম্মদ শোয়াইব জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহন চলছে, দু- একটি ছোট- খাট সমস্যা রয়েছে তা সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে। উপস্থিতি কমের ব্যাপারে তিনি বলেন, এই পরীক্ষাটি সাধারনত ডিসেম্বর মাসে হয় কিন্তু দীর্ঘ ১৫ বছর পর এপ্রিল মাসে এই পরীক্ষা হচ্ছে। সে কারণে উপস্থিতি কম মনে হচ্ছে। আগামীতে নিয়মিত এই পরীক্ষা অনুষ্ঠিত হলে উপস্থিতি স্বাভাবিক হবে।