বীর বাংলা নিউজঃ
শামসুজ্জামান প্রিন্স (পাবনা প্রতিনিধি) উন্নয়ন সংস্থা ওসাকার উদ্যোগে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর যৌথ অর্থায়নে তিন দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ থেকে ২৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে কবি মজিদ মাহমুদ প্রতিষ্ঠিত ‘বৌটুবানী পাঠশালা’ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে যুব, কিশোর-কিশোরী, শিশু ও প্রবীণদের অংশগ্রহণে বিভিন্ন ইনডোর ও আউটডোর প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল যুবদের ফুটবল, ভলিবল, পাঞ্জা লড়াই, উপস্থিত বক্তৃতা ও সঙ্গীত; কিশোর-কিশোরীদের ১০০ মিটার দৌড়, কবিতা আবৃত্তি; শিশুদের কবিতা পাঠ, চিত্রাঙ্কন, নৃত্য, সংগীত, দড়ি লাফ ও সাধারণ জ্ঞান; প্রবীণদের ঝুড়িতে বল নিক্ষেপ, কৌতুক ও হাড়ি ভাঙা। পাশাপাশি প্রবীণ সম্মাননা, যুব সম্মাননা ও মেন্টর সম্মাননা–২০২৫ প্রদান করা হয়।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গল্পকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামালপুর টি এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অব.) মো. তাইজুল ইসলাম, কবি ও সংগীতশিল্পী শামীমা সীমা, কবি ও সাহিত্যিক যাযাবর জিয়া এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আনোয়ারুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসাকা সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা বর্ষা খাতুন, সহকারী উপজেলা সমন্বয়কারী মো. আল-আমিন হোসেন, স্বেচ্ছাসেবকসহ কিশোর-কিশোরী সদস্যবৃন্দ। পুরো আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন ওসাকা সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী রেহানা সুলতানা শিল্পী।