বীর বাংলা নিউজঃ
রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পকে ঘিরে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি ও সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে আজ প্রকল্প সাইটের নিকটবর্তী চরসাহাপুরে ‘উঠান বৈঠক’ আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ কবীর হোসেনের উপস্থিতিতে এ বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, পরিবেশগত প্রভাব, প্রযুক্তিগত দিক ও আর্থ-সামাজিক গুরুত্ব সম্পর্কে সহজ ভাষায় তথ্য উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
প্রকল্প পরিচালক ড. মোঃ কবীর হোসেন বলেন, স্থানীয় জনগণের সম্পৃক্ততা একটি বড় জাতীয় প্রকল্পের সফলতার মূল চাবিকাঠি। তিনি গুজব বা যাচাইবিহীন তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সঠিক তথ্যের জন্য প্রকল্প কর্তৃপক্ষ, তথ্যকেন্দ্র ও অফিসিয়াল ফেসবুক পেজ ‘Nuclear Power in Bangladesh’ অনুসরণের পরামর্শ দেন। এছাড়া, এই প্রকল্পের সূচনালগ্ন হতে এলাকাবাসীর সর্বাঙ্গীন সহযোগিতার কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত উঠান বৈঠকে আরও বক্তব্য দেন জনাব এস এম মাহমুদ আরাফাত, প্রধান নিরাপত্তা কর্মকর্তা, সিআরএনপিপি, এনপিসিবিএল।
উঠান বৈঠকে অংশগ্রহণকারী জনাব মো: শাহাবুদ্দিন সেন্টু সরদার বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ভুল ধারণা দূর হচ্ছে এবং প্রকল্পের নিরাপত্তা সম্পর্কে আস্থা তৈরি হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়াও স্থানীয় বাসিন্দা জনাব মো: গোলজার হোসেন বলেন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এ অঞ্চলের অনেক উন্নতি সাধন হয়েছে।
(প্রেসবিজ্ঞপ্তী)