বীর বাংলা নিউজঃ
ঈশ্বরদীতে মাটর সাইকেল ও নির্মাণাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান নাগরিকদের বহনকারী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত হয়েছেন।
সোমবার (২২সেপ্টেম্বর) দুপুর ২টায় দিকে নতুন রুপপুর জামে মসজিদ এলাকার কাঠমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সম্রাট হোসেন (২৯)। তিনি ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর মোড় এলাকার রকিবুল ইসলামের ছেলে। সম্রাট পেশায় ডালপুরি বিক্রেতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্রাট রুপপুর মোড় থেকে মোটরসাইকেল নিয়ে নতুন হাট মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে রাশিয়ান নাগরিকদের বহনকারী মিনিবাস (ঢাকা মেট্রো-ঝ ১২-০২২১) তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গেলে বাসটির চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মুকুল হোসেন বলেন, সম্রাট প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ এভাবে তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি।
পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কল্লোল কুমার বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে। মিনিবাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।