বীর বাংলা নিউজঃ
ঈশ্বরদী সরকারী কলেজের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত কমিটি বাতিলের দাবীতে ও ত্যাগীদের বাদ রেখে নিষিদ্ধ ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের নিয়ে সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী কলেজ ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক ইব্রাহিম হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
বুধবার গভীর রাত এবং দুপুর ৩ টায় সরকারি কলেজ ছাত্রদলের একাংশের নেতাকর্মীসহ পদবঞ্চিতদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন থেকে ২৪ ঘন্টার মধ্যে কলেজ কমিটি বাতিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষণা দেন। অপরদিকে ছাত্রদলের আরেকটি অংশ ওই রাতে শহরে বিভিন্ন সড়ক ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন এবং প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তারা অযোগ্য নেতাকর্মী ও ছাত্রলীগারদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন করায় তীব্র নিন্দা জানিয়ে কমিটি বাতিলের দাবি জানান।
দলের একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের ১২ সদস্যদের নাম ও পদ সম্বলিত কমিটি ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘোষিত কমিটিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষর রয়েছে। এতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্নসম্পাদক শ্রাবণ আহমেদ, সাবেক যুগ্নসম্পাদক শ্যাম আগারওয়ালা ভিকি, বর্তমান কমিটির প্রচার সম্পাদক মো. মাহমুদ হাসান শান্ত, দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ’কোন কিছুর বিনিময়ে অযোগ্যদের দিয়ে হঠাৎ করে কমিটি করা হয়েছে। আমরা এ কমিটি মানি না। এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনুপ্রবেশকারী রয়েছে কমিটিতে।’
সম্মেলনে ছাত্রদল নেতারা এসময় সরকারি কলেজের নতুন কমিটিকে ’অবৈধ’ ও ’অবাঞ্ছিত’ বলে ঘোষণা দেন। পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স জানান, কেন্দ্রীয় কমিটি খোঁজখবর ও তদন্তে মাধ্যমে এই কমিটি ঘোষণা দিয়েছেন।
এখানে জেলা কমিটির কিছু করার নেই। তবে নতুন কমিটিতে সাংগঠনিকভাবে দক্ষ আরও অনেকেই থাকলে ভালো হতো। শুনেছি অনেকে বাদও পড়েছেন। এতে তাদের হতাশ হওয়ার কিছু নেই, আগামী কমিটিতে দক্ষদের অন্তর্ভুক্তির জন্য চেষ্টা করা হবে। তিনি বলেন, নতুন কমিটিতে ছাত্রলীগের কেউ থাকলে তদন্ত সাপেক্ষে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গতকাল বুধবার বিকেলে ’কলেজ ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পূর্নবাসন এবং সৎ যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন না করায় বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে’ আবারও সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ’ঈশ্বরদী উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ সাবেক ছাত্রদলের’ ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব ও লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদলের পদবঞ্চিত ইব্রাহিম হোসেন। এ সময় বক্তারা বলেন, অভিযোগের বিষয়ে আমরা ইতিমধ্যে জেলা ও কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছি। কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত জানানো হয়নি’। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।